পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের অবসান নিয়ে ঐতিহাসিক এক আলোচনার আয়োজন করা হচ্ছে। দীর্ঘ কয়েক দশকের বৈরিতা কাটিয়ে আলোচনার টেবিলে বসছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। সংলাপকে কেন্দ্র করে ইসলামাবাদে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শুক্রবার দিবাগত মধ্যরাতে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইসলামাবাদের নূর খান বিমানঘাঁটিতে পৌঁছান। সেখানে তাদের স্বাগত জানান পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার এবং সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।
অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি আজ (শনিবার) সকালে ইসলামাবাদে পৌঁছেছে। মার্কিন প্রতিনিধি দলটি শুক্রবার ওয়াশিংটন থেকে এয়ারফোর্স ২ বিমানে রওনা হয়। প্রতিনিধি দলে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারও রয়েছেন।
মার্কিন প্রতিনিধি দলের নিরাপত্তা নিশ্চিত করতে সি-১৭ বিশেষ কার্গো বিমানযোগে সাঁজোয়া যান ও আধুনিক সরঞ্জাম ইসলামাবাদে পৌঁছেছে। তারা পাকিস্তানে অবস্থানকালে নিজস্ব বিশেষ যানবাহন ব্যবহার করবেন।
সংলাপ উপলক্ষে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। প্রশাসন গুরুত্বপূর্ণ ‘রেড জোন’ এলাকা পুরোপুরি ব্লক করে দিয়েছে এবং সেখানে সেনাবাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করছে। বিমানবন্দর থেকে রেড জোন পর্যন্ত মহাসড়কগুলোতে সাধারণ যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
শহরের বিভিন্ন স্থানে ‘ইসলামাবাদ টকস’ শিরোনামের ব্যানার ও ফেস্টুন শোভা পাচ্ছে। জিন্নাহ কনভেনশন সেন্টারে আলোচনা অনুষ্ঠিত হবে, যেখানে সাংবাদিকদের জন্য বিশেষ মিডিয়া সেন্টার স্থাপন করা হয়েছে।
এই সংলাপকে কেন্দ্র করে সারা বিশ্বের নজর ইসলামাবাদের দিকে রয়েছে। যুক্তরাষ্ট্র, ইরানসহ বিভিন্ন দেশের সংবাদকর্মীরা এই আলোচনা কভার করতে পাকিস্তানে জড়ো হয়েছেন। নিরাপত্তা কড়াকড়ির কারণে কিছু সাংবাদিক বিড়ম্বনায় পড়েছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আমন্ত্রণে এবং দেশের সক্রিয় মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর এই আলোচনা শুরু হচ্ছে। রেড জোনের বাইরে জনজীবন স্বাভাবিক থাকলেও সাধারণ নাগরিকদের মধ্যে সংলাপ নিয়ে ব্যাপক কৌতূহল দেখা গেছে।
মধ্যপ্রাচ্যের অস্থিরতা কমাতে পাকিস্তানের এই কূটনৈতিক প্রচেষ্টা কতটা সফল হয়, সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব সম্প্রদায়।
