আজ (শনিবার) লাতিন আমেরিকার অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ব্রাজিলের কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে আর্জেন্টিনা। এই পরাজয়ের মাধ্যমে ব্রাজিল আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের টিকিট পেয়েছে। ম্যাচের শুরুতেই আর্জেন্টিনা একটি সুযোগ হাতছাড়া করে।
হারের পরও আর্জেন্টিনা ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে। তাদের পরবর্তী অবস্থান করছে ভেনেজুয়েলা ও বলিভিয়া (৪ পয়েন্ট) এবং পেরু (০)। আর্জেন্টিনা গ্রুপপর্বের শেষ ম্যাচে বলিভিয়াকে হারাতে পারলে সেমিফাইনাল এবং বিশ্বকাপে জায়গা নিশ্চিত করবে। এই ম্যাচটি আগামীকাল (রোববার) রাত ২টায় অনুষ্ঠিত হবে।
ম্যাচের শেষদিকে ফুটবলারদের মধ্যে হাতাহাতি হয়, যেখানে আর্জেন্টাইন খেলোয়াড় তোবিয়াস গয়তিয়া লাল কার্ড দেখে বহিষ্কৃত হন। এর ফলে তিনি বলিভিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচে অংশগ্রহণ করতে পারবেন না।
ব্রাজিলের হয়ে রিকেলমে হেনরিক দুটি এবং এদুয়ার্দো কন্সেকাও একটি গোল করেন। চলমান চ্যাম্পিয়নশিপে ব্রাজিল এখন পর্যন্ত অপরাজিত রয়েছে এবং তারা পূর্ণ পয়েন্ট নিয়ে বি গ্রুপে শীর্ষে রয়েছে। রোববার আর্জেন্টিনার সাথে বলিভিয়া এবং ব্রাজিল-ভেনেজুয়েলা ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ হবে।
এই টুর্নামেন্ট থেকে মোট সাতটি দল কাতারে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাবে। দুই গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনাল এবং বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করবে। বাকি তিনটি টিকিট তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দলের মধ্যে প্লে-অফের মাধ্যমে নির্ধারিত হবে।
