ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুইজন সংসদ সদস্য আজ শপথ গ্রহণ করতে যাচ্ছেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি, তাদের শপথ বাক্য পাঠ করাবেন।
রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের স্পীকারের কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সংসদ সদস্যরা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করবেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।
গত শুক্রবার (১০ এপ্রিল) নির্বাচন কমিশন (ইসি) সচিবের স্বাক্ষরিত এক গেজেটের মাধ্যমে শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিজয়ী প্রার্থীদের ফল প্রকাশ করা হয়। শনিবার (১১ এপ্রিল) ইসি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
গেজেটে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৩৯ এর দফা (৪) অনুযায়ী গত ৯ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ীদের নাম, পিতা-মাতা ও ঠিকানা চূড়ান্তভাবে প্রকাশ করা হলো।
আজকের শপথ গ্রহণে অংশ নিচ্ছেন মো. মাহমুদুল হক রুবেল, যিনি শেরপুর-৩ আসনে বিজয়ী হয়েছেন, এবং মো. রেজাউল করিম বাদশা, যিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ শূন্য আসনের উপ-নির্বাচনে বিজয়ী হয়েছেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে জয়ী হয়েছিলেন। পরবর্তীতে তিনি আসনটি ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষিত হয় এবং গত ৯ এপ্রিল সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যদিকে, শেরপুর-৩ আসনে নির্বাচনের আগে একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় তৎকালীন ভোট গ্রহণ স্থগিত করেছিল নির্বাচন কমিশন। পরবর্তীতে নতুন তফসিলে গত ৯ এপ্রিল সেখানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
