যে কারণে চাইলেও হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দিতে পারবে না ইরান

যে কারণে চাইলেও হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দিতে পারবে না ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান। বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে ইরানকে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে, তবে একটি কারণে ইরান সেই অবরোধ তুলতে পারবে না।

মাইন স্থাপনই হচ্ছে এর কারণ। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পর ইসলামী রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজে জলমাইন পাতা শুরু করে। কিন্তু এখন আইআরজিসি প্রণালির কোন কোন স্থানে মাইন পাতা হয়েছে, তা শনাক্ত করতে পারছে না।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি মাইন পাতার জন্য ছোট আকারের রণতরী ব্যবহার করেছে। তবে যেসব স্থানে মাইন পাতা হয়েছে, তা নথিভুক্ত করা হয়েছে কিনা, তা স্পষ্ট নয়। কিছু এলাকায় মাইন স্থাপনের তথ্য নথিভুক্ত আছে, কিন্তু সেখানেও সমস্যা রয়েছে।

এক মার্কিন কর্মকর্তা জানান, “হরমুজে এলোমেলোভাবে মাইন পেতেছে ইরান।” ৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ইরান হরমুজ প্রণালি খুলে দিতে রাজি হয়, কিন্তু মাইন সমস্যার কারণে জলপথটি নিরাপদ করতে পারেনি।

আইআরজিসির এক বিবৃতিতে জানানো হয়েছে, “হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে ইচ্ছুক সকল জাহাজকে বিকল্প পথ অবলম্বন করতে বলা হচ্ছে।” উল্লেখ্য, হরমুজ প্রণালী বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে ২৫ শতাংশ জ্বালানি তেল পরিবহন করা হয়। বাংলাদেশের জন্য এই প্রণালীর গুরুত্ব আরও বেশি, কারণ এখান থেকে ৮০ শতাংশ জ্বালানি সরবরাহ আসে।

আরও পড়ুন