জামায়াত-শিবিরের বিরোধিতা করার কারণে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে আসামি করা হয়েছে বলে দাবি করেছেন তার আইনজীবী মুনসুরুল হক চৌধুরী।
সোমবার (১৩ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন প্যানেলে যুক্তিতর্কে তিনি এ দাবি করেন। মামলাটির অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় চলমান যুক্তিতর্কের চতুর্থ দিনে ইনুর একটি ভিডিও সাক্ষাৎকার প্রদর্শন করা হয়।
ভিডিও প্রদর্শনের পর মুনসুরুল হক বলেন, ইনু কোনো বিদ্বেষমূলক কথা বলেননি। তিনি আওয়ামী লীগ সরকার বা কাউকে সমর্থন করেননি। বরং তিনি সকলের ভুল তুলে ধরেছেন, যা অপরাধ নয়।
আইনজীবী আরও জানান, ইনু শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেছিলেন। তবে প্রসিকিউশনের পক্ষ থেকে তাকে কমান্ড রেসপনসিবিলিটির অভিযোগে আসামি করা হয়েছে, যা অযৌক্তিক।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের প্রতিনিধিত্ব করছেন ফারুক আহাম্মদ, আবদুস সোবহান তরফদার ও মঈনুল করিম।
এর আগে, রোববার (১২ এপ্রিল) তৃতীয় দিনের যুক্তিতর্ক সম্পন্ন হয়। আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের দিকে এগোবে।
আজ সকালে পুলিশ হাসানুল হক ইনুকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করে। তার উপস্থিতিতেই চলছে যুক্তিতর্ক।
