লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহর আমন্ত্রণে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সম্প্রতি বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আইওএম-এর চিফ অব মিশন নিকোলেটা জিওর্দানো।
ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত বৈঠকে রাষ্ট্রদূত এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশি অভিবাসীদের নিরাপদ প্রত্যাবাসন, সুরক্ষা ও কল্যাণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত আইওএম-এর চিফ অব মিশনকে স্বাগত জানিয়ে লিবিয়া থেকে বাংলাদেশি অভিবাসীদের প্রত্যাবাসনে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, আইওএম-এর সহায়তায় বিপদগ্রস্ত অভিবাসীরা দেশে ফিরে পরিবার ও সমাজের সঙ্গে পুনরায় একীভূত হতে পারছেন। রাষ্ট্রদূত লিবিয়ার বিভিন্ন শহর থেকে নিবন্ধিত বাংলাদেশি অভিবাসীদের দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।
রাষ্ট্রদূত ঝুঁকিপূর্ণ ও অসুস্থ অভিবাসীদের চিকিৎসা ও সুরক্ষা নিশ্চিতকরণে আইওএম-এর অধিকতর সহযোগিতারও আহ্বান করেন। চিফ অব মিশন বাংলাদেশের দূতাবাসের কার্যক্রমকে ‘অনুকরণীয়’ হিসেবে অভিহিত করেন এবং স্বেচ্ছায় দেশে প্রত্যাবর্তনে ইচ্ছুক অভিবাসীদের দ্রুত প্রত্যাবাসনের জন্য আইওএম-এর প্রচেষ্টার কথা উল্লেখ করেন।
বৈঠকে উভয় পক্ষ অনিয়মিত অভিবাসন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণামূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রত্যাবাসন প্রক্রিয়ায় উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার বিষয়ে একমত হন।
এছাড়া পরিদর্শনকালে চিফ অব মিশন অভিবাসীদের নিবন্ধন কার্যক্রম এবং দূতাবাসের কনস্যুলার সেবা কেন্দ্র সরেজমিনে প্রত্যক্ষ করেন।
