হাঙ্গেরিতে ১৬ বছর পর ক্ষমতা হারালেন ট্রাম্প-ঘনিষ্ঠ অর্বান

হাঙ্গেরিতে ১৬ বছর পর ক্ষমতা হারালেন ট্রাম্প-ঘনিষ্ঠ অর্বান

হাঙ্গেরির জাতীয় নির্বাচনে পরাজিত হয়েছেন প্রধানমন্ত্রী ভিক্টর অর্বান, যার মাধ্যমে ইউরোপের কেন্দ্রীয় অঞ্চলে ১৬ বছরের তার শাসন শেষ হলো। নির্বাচন কমিশনের ঘোষণার পর জানা গেছে, অর্বান তার প্রধান প্রতিদ্বন্দ্বী পিটার ম্যাগিয়ারের কাছে পরাজিত হন।

অর্বান হাঙ্গেরির জাতীয়তাবাদী রাজনৈতিক দল ফিডেজ পার্টির প্রার্থী ছিলেন, আর ম্যাগিয়ার ইউরোপীয় ইউনিয়নপন্থি তিসজা পার্টির প্রতিনিধিত্ব করেন। ১৯৬৩ সালে বুদাপেস্টের পশ্চিমাঞ্চলে জন্মগ্রহণকারী অর্বান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন এবং আইনজীবী হিসেবে ক্যারিয়ার শুরু করেন।

১৯৯৮ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন অর্বান, তখন তার বয়স ছিল মাত্র ৩৫ বছর। তার প্রথম মেয়াদে হাঙ্গেরি ন্যাটোতে যোগ দেয়। তবে ২০০২ সালের নির্বাচনে পরাজয়ের পর তিনি আট বছর বিরোধী দলে ছিলেন। ২০১০ সালে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে গতকাল পর্যন্ত টানা ১৬ বছর সরকারপ্রধান পদে ছিলেন অর্বান।

অর্বান অভিবাসনবিরোধী নীতির সমর্থক এবং মুসলিমদের প্রতি তার মনোভাব বিরূপ। ২০১৫ সালে ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন নীতির প্রতিবাদ করে অর্বান ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। বর্তমানে তার ট্রাম্পের সঙ্গে সুসম্পর্ক রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অর্বানের পরাজয়ের মূল কারণ হাঙ্গেরির অর্থনৈতিক দুরাবস্থা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর দেশটিতে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে এবং জীবনযাত্রার মান নিচে এসেছে। তরুণ প্রজন্মের ভোটাররা এবার অর্বানকে ভোট দেননি, যা তিনি নিজেও উপলব্ধি করেছেন। নির্বাচনের ফলাফল জানিয়ে তিনি বলেন, “আমি জানি যে তরুণ প্রজন্ম তাদের অভিভাবকদের বিপক্ষে গেছে। এটা ভবিষ্যতে রাজনৈতিক সমস্যা তৈরি করতে পারে।”

সূত্র: রয়টার্স

আরও পড়ুন