কিডনি চিকিৎসক কামরুল ইসলামের হাসপাতালে ‘চাঁদাবাজির’ মামলায় যুবদল নেতা মঈন উদ্দিন মঈনের চার সহযোগীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আসামিরা হলেন মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২), মো. সুমন (৩৬) ও মো. লিটন মিয়া (৩৮)।
সোমবার (১৩ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক মো ছাব্বির আহমেদ আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন।
আদালত উভয় পক্ষের শুনানি শেষে প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড আবেদনে বলা হয়, আসামিদের বিরুদ্ধে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। তারা পুলিশ হেফাজতে থাকাকালে প্রকৃত ঘটনার কথা স্বীকার না করে অসংলগ্ন কথাবার্তা বলে।
১১ এপ্রিল হাসপাতালের অপারেশন থিয়েটার ইনচার্জ মো. আবু হানিফের অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়। এজাহারে বলা হয়, মঈন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ৫ লাখ টাকা দাবি করে আসছিল এবং টাকা না দিলে ভয়ভীতি প্রদর্শন করছিল। ১০ এপ্রিল সকালে মঈন বাদীর বাসার সামনে এসে চাঁদার টাকা দাবি করে এবং অশান্তির সৃষ্টি করে।
বাদী পরিস্থিতি অবনতি আশঙ্কা করে তার ভাইকে বাড়িতে ডেকে আনেন। পরে মঈনসহ অজ্ঞাত ৭-৮ জন মিলে হাসপাতালে বিশৃঙ্খলার চেষ্টা করে। তারা উচ্চস্বরে স্লোগান দেয় এবং হাসপাতালের মালিককে হুমকি দেয়। হাসপাতালের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
