ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীর নাম ঘোষণা করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক মন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়ার বিষয়ে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস আজ এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের ক্ষমতাসীন বিজেপির জাতীয় তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রধান অমিত মালব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দিনেশ ত্রিবেদীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি এক্সে (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে লিখেছেন, ‘বিজেপির জ্যেষ্ঠ নেতা সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও ব্যারাকপুরের সংসদ সদস্য শ্রী দিনেশ ত্রিবেদী বাংলাদেশের নতুন ভারতীয় হাইকমিশনার নিযুক্ত হওয়ায় অভিনন্দন।’
ভারত সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্তের বিষয়ে সরাসরি কিছু জানানো হয়নি, তবে এক ভারতীয় কূটনীতিক অমিত মালব্যের পোস্টের দিকে ইঙ্গিত করেছেন। প্রতিবেদনটিতে দিনেশ ত্রিবেদীর নিয়োগকে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করা হয়, কারণ তিনি বাংলাদেশে ভারতের প্রথম রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত দূত হতে পারেন।
আগের হাইকমিশনার প্রণয় ভার্মা ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে যোগ দিতে যাচ্ছেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দিনেশ ত্রিবেদীর নিয়োগের জন্য ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের সম্মতি প্রয়োজন হবে। ৭৫ বছর বয়সী প্রবীণ রাজনীতিককে বাংলাদেশে দূত হিসেবে পাঠানোর সিদ্ধান্তটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকদের প্রতি এক ধরনের জবাবদিহির বার্তাও বহন করছে।
দিনেশ ত্রিবেদী ইউপিএ জোট সরকারের সময় তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি তৃণমূল থেকে পদত্যাগ করেন এবং ওই বছরের ৬ মার্চ বিজেপিতে যোগ দেন। এর আগে কিছু গণমাধ্যম হাইকমিশনার হিসেবে বিহারের সদ্য বিদায়ী গভর্নর ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আরিফ মোহাম্মদ খানের নিয়োগের সম্ভাবনার কথা জানিয়েছিল।
