চিনি বা চিনিযুক্ত খাবার শরীরে প্রবেশের পর দ্রুত প্রতিক্রিয়া সৃষ্টি করে। রাতের খাবারের পর ডেজার্ট, বিকেলের চিনিযুক্ত পানীয় কিংবা পরিশোধিত কার্বোহাইড্রেট খাওয়ার পর মাত্র আধা ঘণ্টার মধ্যেই শরীরে একাধিক জৈবিক পরিবর্তন দেখা দেয়। এই পরিবর্তনগুলো বোঝা গেলে খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে সুবিধা হয়।
প্রথমত, চিনি শরীরে প্রবেশ করার পর তা দ্রুত হজম হয়ে অন্ত্র থেকে গ্লুকোজ হিসেবে রক্তে মিশে যায়। এর ফলে রক্তে শর্করার পরিমাণ বাড়তে থাকে, বিশেষ করে চিনিযুক্ত পানীয়, মিষ্টি বা প্রক্রিয়াজাত খাবার খেলে এই বৃদ্ধির মাত্রা আরও তীব্র হয়।
রক্তে গ্লুকোজ বাড়লে অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নিঃসৃত হয়, যা কোষে গ্লুকোজ প্রবেশে সহায়তা করে, যাতে শরীর শক্তি ব্যবহার করতে পারে। তবে ঘন ঘন চিনি খাওয়ার অভ্যাস শরীরের ওপর চাপ বাড়ায় এবং দীর্ঘমেয়াদে ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি তৈরি করে।
চিনি কেবল শরীরেই নয়, মস্তিষ্কেও প্রভাব ফেলে। রক্তে গ্লুকোজ বাড়ার সঙ্গে সঙ্গে ডোপামিন নিঃসরণ হয়, যা আনন্দের অনুভূতি দেয়। এজন্য মিষ্টি খাবারের প্রতি আকর্ষণ সৃষ্টি হয় এবং বারবার খাওয়ার ইচ্ছা জাগে।
ইনসুলিন গ্লুকোজকে কোষে পাঠানোর পর রক্তে শর্করার মাত্রা দ্রুত কমে যেতে পারে, যার ফলে ক্লান্তি, দুর্বলতা বা অবসাদ অনুভূত হয়—এটি এনার্জি ক্র্যাশ নামে পরিচিত। এ অবস্থায় অনেকেই আবার মিষ্টি বা হালকা খাবারের দিকে ঝুঁকে পড়েন, ফলে একটি চক্র তৈরি হয়।
শুধু মিষ্টি খাবার নয়, সাদা ভাত, পরিশোধিত আটা, পাউরুটি, আলু বা প্যাকেটজাত খাবারও শরীরে একই ধরনের প্রভাব ফেলে। এসব খাবার বারবার গ্রহণ করলে রক্তনালী ও অঙ্গপ্রত্যঙ্গে দীর্ঘমেয়াদি ক্ষতির ঝুঁকি বাড়ে। বিশেষজ্ঞদের মতে, আধুনিক খাদ্যাভ্যাসে অতিরিক্ত পরিশোধিত কার্বোহাইড্রেট ও কম ফাইবারের কারণে তরুণদের মধ্যে স্থূলতা ও উচ্চ রক্তশর্করার প্রবণতা বাড়ছে। তাই সুষম খাদ্য গ্রহণ, চিনি কমানো এবং খাওয়ার পর নিয়মিত শরীরচর্চা এই ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।
