বগুড়ার সদর উপজেলায় সেপটিক ট্যাংক থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত মারুফার স্বামী মুকুল মিয়াকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা।
পুলিশ জানায়, টিকটকে আসক্ত হয়ে পড়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে গুম করেন মুকুল মিয়া। গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের নুরুইল মধ্যপাড়া এলাকায় মুকুল মিয়ার বাড়ির সেপটিক ট্যাংক থেকে মারুফার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মারুফা বগুড়া সদর উপজেলার পীরগাছা নন্দীপাড়া এলাকার মাহাবুব আলমের মেয়ে। ডিবি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৯ বছর আগে পারিবারিকভাবে মারুফাকে বিয়ে করেন মুকুল মিয়া। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। স্বামীর নিষেধ সত্ত্বেও টিকটক করাকে কেন্দ্র করে বিরোধ চরমে ওঠে।
