তারেক রহমানের নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ

তারেক রহমানের নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ

১৭ বছরের বেশি সময় পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় দুই হাজার সদস্য তাঁর নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে। বিএনপির নিজস্ব ব্যবস্থায় দলের চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) মাধ্যমে তাঁর নিরাপত্তা নিশ্চিত করা হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতাল ও গুলশান অ্যাভিনিউর বাসভবন পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জানা গেছে, বাসা, অফিস এলাকা ও চলাচলের পথ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। তারেক রহমানের দেশে ফিরাকে কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে পুলিশের মহাপরিদর্শকসহ গোয়েন্দা সংস্থার প্রধানদের নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, তবে নিরাপত্তাব্যবস্থার চূড়ান্ত নির্দেশনা এখনও আসেনি এবং সোমবার এ বিষয়ে চূড়ান্ত নির্দেশনা আসতে পারে।

ঢাকা মহানগর পুলিশ নিরাপত্তার বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে, বিশেষ ব্যক্তি হিসেবে তারেক রহমানের নিরাপত্তায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে। গুলশান অ্যাভিনিউয়ের বাসা প্রস্তুতির কাজ চলছে। বিষয়টি নিশ্চিত করে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার রওনক আলম বলেন, “বিভিন্ন ইউনিট সমন্বিতভাবে নিরাপত্তা নিয়ে কাজ করছে।”

তারেক রহমানের নিরাপত্তায় আগামী ২৩ ডিসেম্বর মধ্যরাত থেকে পুলিশের পাহারা শুরু হতে পারে। ২৫ ডিসেম্বর ঢাকায় বিমানবন্দরে পৌঁছানোর পর গুলশান ও এভারকেয়ার হাসপাতালের দিকে যাওয়ার পথে পুলিশ ও বিভিন্ন সংস্থার প্রায় দুই হাজার সদস্য মোতায়েন থাকবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিমানবন্দর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বৈঠক হয়েছে এবং বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত নিরাপত্তার বিষয়ে আলোচনা চলছে।

আরও পড়ুন