শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যা, জামাতা গ্রেফতার

শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যা, জামাতা গ্রেফতার

কুমিল্লায় শাশুড়ি সুফিয়া বেগমকে (৭০) পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় জামাল সিকদার (৫০) নামে এক ঘাতক জামাতাকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে ঢাকার আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জামাল সিকদার তিতাস উপজেলার শিবপুর গ্রামের দিলু মিয়া সিকদারের ছেলে।

সোমবার সকালে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম। র্যাব জানায়, গত ১০ অক্টোবর তিতাস থানাধীন মজিদপুর ইউনিয়নের শিবপুর গ্রামের শিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার দিন জামাল তার ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল ফোন ধরাকে কেন্দ্র করে তার স্ত্রী ও মেয়েকে গালমন্দ করে। একপর্যায়ে নিজ কন্যা মারিয়া আক্তারকে (১৭) মারধর ও লাথি মেরে গুরুতর আহত করে। এ সময় সে মাটিতে পরে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।

খবর পেয়ে শাশুড়ি জামাতার বাড়িতে আসে এবং তার নাতনিকে মারধরের কারণ জিজ্ঞাসাবাদ করলে তাদের উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ঘাতক জামাল ক্ষিপ্ত হয়ে তার শাশুড়ি সুফিয়া বেগমকে মারধর করে বাড়ির পাশের একটি খালের পানিতে চুবিয়ে হত্যা করেন। আশপাশের লোকজন দেখে এগিয়ে এলে জামাল ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের নাতনি মারিয়া বাদী হয়ে তিতাস থানায় একটি হত্যা মামলা দয়ের করেন। আলোচিত ওই খুনের ঘটনার সাথে জড়িত আসামিকে গ্রেফতারের লক্ষে র্যাব গোয়েন্দা নজরদারি করে। এরই প্রেক্ষিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকা থেকে ঘাতক মো. জামাল সিকদারকে গ্রেফতার করে।

আরও পড়ুন