বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও সেক্রেটারিয়েট গঠন করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশনে এই কমিটি গঠন করা হয়।

অধিবেশনের কার্যক্রম সকাল ৮টায় দারসুল কুরআনের মধ্য দিয়ে শুরু হয়। সংগঠনের ১২৩তম শহিদ রেজবুল হক প্লাবনের বাবা মো. আজাদুল ইসলাম অধিবেশন উদ্বোধন করেন এবং উদ্বোধনী বক্তা ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।

নতুন কমিটিতে ডাকসুর ভিপি সাদিক কায়েম আন্তর্জাতিক সম্পাদক, জিএস এস এম ফরহাদ কেন্দ্রীয় প্রচার সম্পাদক পদ পেয়েছেন। অন্যদের মধ্যে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক পদে আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক আনিসুর রহমান দায়িত্ব পেয়েছেন।

কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর সঞ্চালনায় আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিরা উপস্থিত ছিলেন।

ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী, সদস্যদের প্রত্যক্ষ ভোটে ৪৭ জন কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হন। পরে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম নির্বাচিত সদস্যদের সাথে পরামর্শ করে আরও ১৫ জনকে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দেন। এইভাবে মোট ৬২ সদস্যের কার্যকরী পরিষদের পরামর্শক্রমে কেন্দ্রীয় সেক্রেটারিয়েট গঠন সম্পন্ন করা হয়।

কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম কার্যকরী পরিষদ সদস্যদের উদ্দেশে বলেন, সংগঠনের নীতি ও কার্যক্রম বাস্তবায়নের সর্বোচ্চ সাংগঠনিক কাঠামো হিসেবে তাদের আত্মতত্ত্বাবধান নিশ্চিত করতে হবে। তিনি আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকরী পরিষদের অগ্রণী ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন।

দিনব্যাপী এ অধিবেশনে কার্যকরী পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা, শপথ গ্রহণ, বার্ষিক পরিকল্পনা ২০২৬ প্রস্তাবনা পেশ ও অনুমোদন এবং অঞ্চল পরিচালক নির্ধারণ করা হয়।

আরও পড়ুন