নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলের মাড়াই কার্যক্রম ১৩ দিন আগে বন্ধ ঘোষণা করা হয়েছে আখ সংকট এবং চিনি আহরণের হার কমে যাওয়ায়। চলতি মৌসুমে আখের জোগান কম থাকায় চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। মিল কর্তৃপক্ষ আশঙ্কা করছে যে, রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি আর্থিক লোকসানের মুখে পড়তে পারে।
নর্থ বেঙ্গল সুগার মিলের উপমহাব্যবস্থাপক (কৃষি) আসহাব উদ্দিন জানান, ২০২৫-২৬ মৌসুমের মাড়াই কার্যক্রম ১০ নভেম্বর শুরু হয়। মিল জোনের ১৮ হাজার একর জমি থেকে ২ লাখ মেট্রিক টন আখ সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও, ১০৮ কর্মদিবসে মাত্র ১ লাখ ৭২ হাজার মেট্রিক টন আখ মাড়াই করা সম্ভব হয়েছে। এর ফলে উৎপাদিত চিনি মাত্র ৯ হাজার ৬০০ মেট্রিক টন। ২৩ ফেব্রুয়ারি আখ সংকটের কারণে মাড়াই কার্যক্রম বন্ধ করা হয়।
চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২৮ হাজার মেট্রিক টন আখ কম মাড়াই হয়েছে এবং চিনি উৎপাদনে ঘাটতি রয়েছে ৩ হাজার ৪০০ মেট্রিক টন। চিনি আহরণের হারও বিপর্যস্ত হয়েছে, যেখানে ৬ দশমিক ৫ শতাংশ প্রাক্কলন করা হলেও, অর্জিত হয়েছে ৫ দশমিক ৬ শতাংশ।
আসহাব উদ্দিন জানান, কৃষকদের আখ চাষে উদ্বুদ্ধ করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। চলতি মৌসুমে আখের মূল্য মণপ্রতি ২৫ টাকা বাড়িয়ে ৬২৫ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া কৃষকদের মধ্যে ১৫ কোটি টাকা ঋণ বিতরণ এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১৫ হাজার চাষির আখের বিল দ্রুত পরিশোধের ব্যবস্থা করা হয়।
তবে, এত সুযোগ-সুবিধা দেওয়া সত্ত্বেও কাঙ্ক্ষিত পরিমাণে আখের আবাদ ও সরবরাহ পাওয়া যায়নি। আখের অভাবের কারণে নির্ধারিত সময়ের আগেই মাড়াই কার্যক্রম বন্ধ করতে হয়েছে।
