লিবিয়ায় অনিয়মিতভাবে অবস্থানরত ও মানবপাচারের শিকার ১৭৫ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বেনগাজীর ডিটেনশন সেন্টারে আটক থাকা এসব নাগরিককে সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় ঢাকায় আনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। প্রত্যাবাসিতদের মধ্যে ৩০ জন বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন এবং ১৪৫ জন বেনগাজী ও আশপাশের এলাকায় বসবাসরত দুস্থ, অসহায় ও শারীরিকভাবে অসুস্থ নাগরিক।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে এই প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়েছে। অধিকাংশ বাংলাদেশি সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশ্যে মানবপাচারকারীদের সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন, অনেকেই সেখানে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন।
প্রত্যাবাসিতদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা। তাদের দুর্বিষহ অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসিত প্রত্যেককে পথখরচা, খাদ্য সামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। লিবিয়ায় আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এক সঙ্গে কাজ করছে।
