পাবনার চাটমোহর উপজেলায় টেন্ডার নিয়ে জামায়াতের দুই নেতাকে মারধরের অভিযোগ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ছিল উপজেলার হাট-বাজার ইজারার টেন্ডার জমা দেওয়ার শেষ দিন। দুপুরে ছাইকোলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আওরঙ্গজেব টেন্ডার শিডিউল জমা দিতে গেলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার ওপর হামলা করেন। কিছুক্ষণ পর উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান ইউএনও অফিস থেকে বের হলে তার ওপরও হামলা হয়।
হাবিবুর রহমান জানান, তিনি ইউএনও অফিসে একটি সমস্যা নিয়ে গিয়েছিলেন এবং টেন্ডারের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। হামলার ঘটনার বিষয়ে চাটমোহর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়ারুল হক সেন্টু বলেন, জামায়াত নেতার উপস্থিতি দেখে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়েন এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
এ ঘটনায় বিএনপির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পাবনা-৩ আসনের জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজগর। তিনি আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।
ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন, টেন্ডার নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে, তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ দেওয়ার বিষয়ে জানালে হাবিবুর রহমান বলেন, জামায়াতের কর্মপরিষদ সভায় আলোচনা হয়েছে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
