পোশাক শ্রমিকরা আগামী ২০ রমজানের মধ্যে এক মাসের সমপরিমাণ বোনাস ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র কর্তৃক আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির সদস্য দিলীপ দাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, সহ-সভাপতি জিয়াউল কবির খোকন, কেন্দ্রীয় নেতা দুলাল সাহা, সহকারী সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাজাহান ও কোষাধ্যক্ষ আজিজুল ইসলাম।
বক্তারা অভিযোগ করেন, “ঈদের ছুটি নিয়ে শ্রমিকদের জেনারেল ডিউটির নামে অধিক হারে শোষণের পদ্ধতি চালু করেছে মালিকরা। মালিকদের এই কারচুপি বন্ধের জন্য সরকারি দপ্তরকে তৎপর হতে হবে।”
সমাবেশ থেকে আগামী ৬ মার্চ পোশাক শ্রমিকদের বকেয়া বেতন ও পূর্ণ ঈদ বোনাস এবং মার্চ মাসের অর্ধেক বেতন পরিশোধের দাবিতে সকল গার্মেন্ট শিল্প এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়।
