বিজিবির অভিযানে সাইকেল থেকে উদ্ধার ৫০ ভরি স্বর্ণ

বিজিবির অভিযানে সাইকেল থেকে উদ্ধার ৫০ ভরি স্বর্ণ

জয়পুরহাটের সীমান্ত এলাকায় একটি বাইসাইকেলের রডের ভেতর থেকে ৫০ ভরি স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বিজিবির ২০ ব্যাটালিয়নের অভিযানে আটক করা হয় পাচারকারী মতিয়ার রহমান মিন্টুকে (৪২)।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী এক প্রেস ব্রিফিংয়ে জানান, সকাল পৌনে ১০টায় জেলার পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা সীমান্ত এলাকা থেকে আটক করা হয় মিন্টুকে। তিনি ওই এলাকার সিদ্দিক মণ্ডলের ছেলে।

অধিনায়ক জানান, সীমান্তের ২৮১ নম্বর মেইন পিলারের ১৫ নম্বর সাব পিলার থেকে ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির টহলদল ওঁৎ পেতে থাকে। ওই সময় মিন্টু বাইসাইকেলে হাটখোলা বাজার থেকে সীমান্তের পূর্ব উচনা মাঠের দিকে যাচ্ছিলেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করে তল্লাশি করা হয়। বাইসাইকেলের সিটের নিচে রডের ভেতরে খাকি রঙের কসটেপ মোড়ানো একটি বস্তু পাওয়া যায়, যার ভেতর থেকে পাঁচটি স্বর্ণের বার উদ্ধার হয়।

জব্দকৃত স্বর্ণের মোট ওজন ৫৮৭.৭২ গ্রাম, অর্থাৎ ৫০ ভরি ০৬ আনা ০১ রতি। এসবের বাজারমূল্য ১ কোটি ২৮ লাখ ৪৮ হাজার ২২৫ টাকা। মিন্টুর কাছ থেকে একটি মোবাইল ফোন এবং নগদ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিন্টু স্বীকার করেছেন যে, তিনি এসব স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে, জানান অধিনায়ক।

আরও পড়ুন