নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর একটি ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিরাজগঞ্জের তারাশ থানার নৌখাদা এলাকার আল-আমিন (৩২) ও একই থানার আল-আমিন মিয়া (২৬)। রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাদেকুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘ট্রাইকম গ্রুপ’ নামে একটি প্রতিষ্ঠানের নিজস্ব ঘাটে মালামাল আনলোডের সময় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই সাদেকুর বলেন, ঘাটটিতে সন্ধ্যায় ক্রেন দিয়ে গম আনলোড করা হচ্ছিল। এ সময় ক্রেনের নিচে তিনজন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ করে ক্রেনের তার ছিঁড়ে গ্রাফ নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক শ্রমিক নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরেকজন।
ঘাটের সরদার মোহাম্মদ ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে জানান, ‘ক্রেনের গ্রাফ পড়ে দুজন শ্রমিক নিহত হয়েছেন। বর্তমানে আমরা নিহতদের নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’
এসআই সাদেকুর জানান, এ ঘটনায় তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
