চলতি মার্চ মাসে দেশে ১-২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে।
রোববার (১ মার্চ) মার্চ মাসব্যাপী পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, মার্চ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় অথবা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।
এ মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ১-২টি মৃদু (৩৬-৩৭.৯°সে.) থেকে মাঝারি (৩৮-৩৯.৯°সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।
এছাড়া, এ মাসে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা অথবা মাঝারি ধরনের এবং ১-২ দিন তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। নদ-নদীর অবস্থায় বলা হয়েছে, দেশের প্রধান নদ-নদীতে স্বাভাবিক পানিপ্রবাহ বিরাজ থাকতে পারে।
