গাইবান্ধার সাঘাটা উপজেলায় দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিন বিএনপি নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (৪ মার্চ) দুপুরে সাঘাটার মোল্লা এগ্রো ফার্মের মালিক শরিফুল ইসলাম মোল্লা চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।
মামলায় আটক বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট মিয়া (২৬), ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাসান কবির (২৫) এবং বোনারপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সৃজন আহমেদ শিপন (২২)কে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ মার্চ) রাতে আসামিরা সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান গ্রামে মোল্লা এগ্রো ফার্মে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা কারখানার মালিকের ছোট ভাই শাহিনকে মারধর করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে।
এ ঘটনার পর শরিফুল ইসলাম মোল্লা বাদী হয়ে সাঘাটা থানায় মামলা করেন। সাঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুর রহমান বলেন, অভিযুক্তদের আটক করা হয় এবং পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়। মামলাটি তদন্তের দায়িত্ব জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মামলার তদন্তকারী বিভাগের প্রধান ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
