হরমুজ প্রণালিতে আটকে পড়া একটি তেলবাহী জাহাজ যাতে নির্বিঘ্নে চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারে, সেজন্য ইরান দূতাবাসকে অনুরোধ করবে বাংলাদেশ সরকার। ইতোমধ্যে এটির প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং কয়েক দিনের মধ্যেই কাজটি সম্পন্ন করার কথা জানিয়েছে জ্বালানি বিভাগ।
সরকারি সূত্রে জানা যায়, বাংলাদেশমুখী এমটি নরডিক পোলেক্স নামের জাহাজটি এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ৪ দিন ধরে সৌদি আরবে অপেক্ষা করছে। যুদ্ধের কারণে জাহাজটি হরমুজ প্রণালি পার হতে পারছে না, ফলে বাংলাদেশের জন্য কেনা তেল মধ্যপ্রাচ্যে আটকে আছে।
জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু রোববার জানিয়েছেন, জ্বালানিবাহী জাহাজ ছেড়ে দিতে ইরানকে অনুরোধ করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, এতে আটকা পড়া তেলবাহী জাহাজ দেশে আসবে।
এদিকে, ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকট মোকাবিলায় নানা উদ্যোগ গ্রহণ করেছে। সরকার তেল-গ্যাসের মজুত বাড়িয়ে সরবরাহ স্বাভাবিক রাখতে জোর তৎপরতা চালাচ্ছে। জ্বালানি মন্ত্রণালয় তিন লাখ টন ডিজেল ক্রয়ের পরিকল্পনা প্রায় চূড়ান্ত করেছে।
জ্বালানি সচিব মো. সাইফুল ইসলাম জানান, মার্চ ও এপ্রিল মাসের জন্য জ্বালানি তেল ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকার সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমান সরকার জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং প্রয়োজনে সরাসরি ক্রয় নীতির মাধ্যমে তেল-গ্যাস কেনা হবে।
