ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষিতে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে নিজ নাগরিকদের চলে যাওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া আদানায় অবস্থিত মার্কিন কনস্যুলেট থেকে সকল কর্মীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে বলেছে, ‘নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে জরুরি প্রয়োজন নেই; এমন সরকারি কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
এছাড়া, ভ্রমণ সতর্কতা জারি করে বলা হয়, ‘তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের এখনই এলাকাটি ত্যাগ করার জন্য জোরালো পরামর্শ দেওয়া হচ্ছে।’
এর আগে, গত বুধবার ইরান থেকে তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করা হয়েছে বলে দাবি করে আঙ্কারা। তবে ওই ক্ষেপণাস্ত্র লক্ষ্যে পৌঁছানোর আগে ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইরান থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, যা ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে আসছিল। ন্যাটোর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে শনাক্ত এবং অকেজো করে দেয়।’
জাতিসংঘের মুখপাত্র অ্যালিসন হার্ট বলেন, ‘আমরা তুরস্ককে লক্ষ্যবস্তু করার জন্য ইরানের নিন্দা জানাই। অঞ্চলজুড়ে ইরানের এমন নির্বিচার হামলার মুখে তুরস্কসহ সকল মিত্র দেশের পাশে দাঁড়িয়েছে ন্যাটো।’
