পুতিনের অবিচল সমর্থন পেলেন ইরানের নতুন নেতা মোজতবা খামেনি

পুতিনের অবিচল সমর্থন পেলেন ইরানের নতুন নেতা মোজতবা খামেনি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ‘অবিচল সমর্থন’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তার মৃত্যুর পর মোজতবা খামেনিকে নতুন নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার মোজতবা খামেনিকে পাঠানো এক বার্তায় পুতিন বলেন, ‘আমি তেহরানের প্রতি আমাদের অবিচল সমর্থন এবং ইরানি বন্ধুদের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করতে চাই। রাশিয়া ইরানের একটি নির্ভরযোগ্য অংশীদার ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’

পুতিন আরও বলেন, ‘এমন একটি সময়ে আপনি এই উচ্চপদে আসীন হয়েছেন, যখন ইরান সশস্ত্র আগ্রাসনের মোকাবিলা করছে। এই দায়িত্ব পালনে নিঃসন্দেহে অসীম সাহস ও আত্মোৎসর্গের প্রয়োজন হবে।’

ইরানের নতুন নেতা হিসেবে মোজতবা খামেনির নিয়োগকে দেশটির ‘নিজস্ব ব্যাপার’ আখ্যা দিয়ে তাকে হত্যা চেষ্টার ব্যাপারে হুঁশিয়ার করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন সাংবাদিকদের বলেন, ‘ইরান তার সংবিধান মেনেই নতুন নেতাকে বেছে নিয়েছে।’

নতুন নেতার বিরুদ্ধে ইসরায়েলের হুমকির বিষয়ে জিয়াকুন বলেন, ‘কোনো অজুহাতেই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো গ্রহণযোগ্য নয়। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডের অখণ্ডতার প্রতি সবার সম্মান জানানো উচিত।’

গত ৪ মার্চ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে খামেনির উত্তরসূরিকে হত্যার হুমকি দেন। তিনি বলেন, ‘ইরানের সন্ত্রাসী সরকার নতুন নেতা নিয়োগ দিলে তাকে নির্মূল করা হবে। তার নাম যাই হোক এবং তিনি যেখানেই লুকিয়ে থাকুন না কেন, তাকে হত্যা করা হবে।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের নতুন কোনো নেতা দীর্ঘদিন ক্ষমতায় টিকতে পারবেন না। তিনি উল্লেখ করেন, ‘ইরানের নতুন নেতাকে আমাদের অনুমোদন নিতে হবে। যদি তিনি আমাদের অনুমোদন না পান, তাহলে তিনি বেশি দিন টিকবেন না।’

আরও পড়ুন