ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে: সালেহী এমপি

ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে: সালেহী এমপি

কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেছেন, উলিপুরে ভিজিএফ কার্ড বিতরণে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তিনি সোমবার (৯ মার্চ) সকালে ভিজিএফ কর্মসূচির আওতায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে খাদ্যশস্য বিতরণ নিয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

সভার আয়োজন করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ের হলরুমে। সালেহী বলেন, স্থানীয় জনগণ জানতে পারবে কোন ওয়ার্ডে কতটি কার্ড বিতরণ হচ্ছে এবং এই তথ্য গণমাধ্যমেও প্রকাশ করা হবে।

তিনি আরও জানান, যদি কোনো অনিয়ম বা ব্যাত্যয় ঘটে, তাহলে তা বিবেচনা করা হবে না এবং অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি ইউনিয়ন পরিষদগুলোর প্রতি অনুরোধ জানান, যাতে অনিয়মের ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ভিজিএফ কর্মসূচির খাদ্যশস্য সঠিকভাবে অসহায় ও দরিদ্র মানুষের কাছে পৌঁছানোর জন্য সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, এবারে উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়নে ৮৩ হাজার ৩৭০ জন উপকারভোগী ভিজিএফ কার্ড পাবে, যার জন্য মোট ৮৩৩.৭০০ মেট্রিক টন চাল বরাদ্দ রাখা হয়েছে।

এছাড়া, উলিপুর পৌরসভার ৪ হাজার ৬২৫টি কার্ডের জন্য ৪৬.২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ হবে। এই কর্মসূচির আওতায় অগ্রাধিকার দেওয়া হবে চরম দারিদ্র্যের মধ্যে বসবাসকারী পরিবারগুলোকে।

এতে ভিটাবাড়ি ছাড়া জমি নেই এমন পরিবার, দিনমজুরের আয়ের ওপর নির্ভরশীল পরিবার, মহিলা শ্রমিক বা ভিক্ষাবৃত্তির আয়ে চলা পরিবার, উপার্জনক্ষম পুরুষবিহীন পরিবার, এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হবে।

আরও পড়ুন