ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ এবং নগরবাসীর কল্যাণে যোগ্য, সৎ ও জনমুখী নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে।
এনসিপি জানিয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে এবং ২৫টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ইচ্ছুক প্রার্থীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য যোগাযোগ করতে বলা হচ্ছে। দলটির মতে, নগর পরিচালনায় দক্ষ ও জনগণের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত নেতৃত্বই একটি আধুনিক ও জবাবদিহিমূলক শহর গঠনে সহায়ক হবে।
আগ্রহী প্রার্থীদের জন্য জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের অভিজ্ঞতা, সৎ ও স্বচ্ছ নেতৃত্বের মানসিকতা, ওয়ার্ডে সামাজিক গ্রহণযোগ্যতা ও নগর সমস্যা ও নাগরিক সেবার বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকা বাঞ্ছনীয়।
এনসিপি আবেদনকারীদের নির্ধারিত ফরমে সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের বিবরণ এবং সংশ্লিষ্ট ওয়ার্ডে কাজের পরিকল্পনা জমা দেওয়ার জন্য অনুরোধ করেছে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে।
আগ্রহী প্রার্থীরা ই-মেইল info.joinncp@gmail.com অথবা হটলাইন নম্বর +৮৮০১৩২১২১৪২১৪-এ যোগাযোগ করে বিস্তারিত তথ্য ও আবেদনের প্রক্রিয়া জানার জন্য আহ্বান জানানো হয়েছে।
