ইরানের ড্রোন হামলায় আবু ধাবির শিল্প নগরীতে অগ্নিকাণ্ড

ইরানের ড্রোন হামলায় আবু ধাবির শিল্প নগরীতে অগ্নিকাণ্ড

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে ইরান ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় আবু ধাবির রুবাইস শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

হামলার ফলে রুবাইস শিল্পাঞ্চলের একটি ভবনে আগুন লেগেছে, যা আমিরাত কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। আবু ধাবির গণমাধ্যম বিষয়ক কার্যালয় জানিয়েছে, ড্রোন হামলার কারণে আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীরা কাজ করছেন। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

গণমাধ্যম কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলার ফলে রুয়াইস ইন্ডাস্ট্রিয়াল সিটির একটি স্থাপনায় অগ্নিকাণ্ড ঘটেছে। তবে হামলায় কোনও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার দেশটির বিভিন্ন এলাকায় ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, তবে অধিকাংশই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত হয়েছে। মন্ত্রণালয় উল্লেখ করেছে, ইরানি হামলা মোকাবিলায় দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

এর আগে ইরানি সামরিক বাহিনী মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি স্বার্থ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। এসব হামলায় কাতার, কুয়েত, আমিরাত ও বাহরাইনে কয়েকজন নিহত ও কয়েক ডজন আহত হয়েছে, যাদের মধ্যে বাংলাদেশি প্রবাসীরাও রয়েছেন।

আরও পড়ুন