ঈদুল ফিতরের জন্য ডিএসসিসির নতু্ন উদ্যোগ

ঈদুল ফিতরের জন্য ডিএসসিসির নতু্ন উদ্যোগ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

আজ (মঙ্গলবার) নগরভবনে ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় যাত্রীদের ভোগান্তি কমাতে ও যানজট নিয়ন্ত্রণে টার্মিনাল ব্যবস্থাপনা আধুনিকায়ন, অবৈধ কাউন্টার উচ্ছেদ এবং অবকাঠামোগত উন্নয়নের ওপর বিশেষ পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়।

সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা সড়ক পরিবহন বাস মালিক সমিতি, সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল পরিবহন মালিক সমিতি ও শ্রমিক কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল এবং আশপাশের এলাকার যানজট নিরসনে গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো অবৈধ কাউন্টার ও দোকান উচ্ছেদ, নিয়মতান্ত্রিক কাউন্টার বরাদ্দ, বাস-বে ব্যবহারের নিশ্চয়তা, যাত্রী সেবা উন্নয়ন এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধ।

সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, ঈদ যাত্রাকে নির্বিঘ্ন রাখতে সিটি কর্পোরেশন, পুলিশ, বাস মালিক ও শ্রমিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। যাত্রীদের স্বস্তি দেওয়ার জন্য এসব সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এছাড়া, নতুন ডিএসসিসি প্রশাসকের সভাপতিত্বে পরিচালনা কমিটির দ্বাদশ সভা অনুষ্ঠিত হয়, যেখানে সদস্যরা প্রশাসককে প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ বাস্তবায়নে একসাথে কাজ করার আশ্বাস দেন।

আরও পড়ুন