হামলার আশঙ্কায় আমিরাতে তেল শোধনাগার বন্ধ

হামলার আশঙ্কায় আমিরাতে তেল শোধনাগার বন্ধ

হামলার আশঙ্কায় সংযুক্ত আরব আমিরাতে তাদের অন্যতম বৃহৎ তেল শোধনাগার অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ড্রোন হামলার সতর্কতা হিসেবে আবুধাবির রুয়াইস শোধনাগারের কার্যক্রম বন্ধ করা হয়েছে।

আজ মঙ্গলবার বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। আবুধাবি মিডিয়া অফিস জানিয়েছে, রুয়াইস শিল্প এলাকায় ড্রোন হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে শোধনাগারটি সরাসরি হামলার লক্ষ্যবস্তু ছিল কি না, তা কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।

বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল শোধনাগার হিসেবে পরিচিত রুয়াইস, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আডনকের অধীনে পরিচালিত হয়। বিশ্লেষকদের মতে, ইরান হরমুজ প্রণালিতে চাপ বাড়িয়ে উপসাগরীয় অঞ্চলের বড় তেল শোধনাগারগুলো অচল করার চেষ্টা করছে, যাতে বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব পড়ে।

এএফপি জানায়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইতোমধ্যে জ্বালানি সরবরাহে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। ইরান বিভিন্ন জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে, যার মধ্যে সৌদি আরামকোর রাস তানুরা স্থাপনাও রয়েছে।

গত সপ্তাহে ইরানের হামলার কারণে বিশ্বের অন্যতম বৃহৎ তরল প্রাকৃতিক গ্যাস উত্তোলন কোম্পানি কাতারএনার্জি উৎপাদন বন্ধ ঘোষণা করেছে। কুয়েতও একই ধরনের ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন