লেবাননে একদিনে ১ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে এই ঘটনা ঘটেছে।
মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের লেবানন প্রতিনিধি ক্যারোলিনা লিন্ডহোম বিলিং জেনেভায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, ইসরায়েলের বিমান হামলার কারণে লেবাননে এক সপ্তাহে প্রায় ৭ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছেন।
লিন্ডহোম বিলিং জানান, লেবাননে মানুষের জীবনযাত্রা ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে এবং বাস্তুচ্যুতির গতি ২০২৪ সালে হিজবুল্লাহ–ইসরায়েল যুদ্ধের সময়ের চেয়েও বেশি। লেবনের সরকারি অনলাইন প্ল্যাটফর্মে ছয় লাখ ৬৭ হাজারের বেশি মানুষের বাস্তুচ্যুত হওয়ার তথ্য রয়েছে।
জাতিসংঘের তথ্যমতে, বাস্তুচ্যুতদের মধ্যে প্রায় এক লাখ ২০ হাজার মানুষ সরকার নির্ধারিত আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন, অন্যরা আত্মীয়স্বজন বা বন্ধুদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। কিছু মানুষ এখনও থাকার স্থান খুঁজছেন।
এছাড়া, অনেক মানুষ প্রতিবেশী দেশ সিরিয়ায় আশ্রয় নিয়েছেন। সিরিয়ার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নতুন করে যুদ্ধ শুরুর পর ৭৮ হাজারের বেশি সিরিয়ান নাগরিক লেবানন থেকে ফিরেছেন এবং সাত হাজার ৭০০ এর বেশি লেবানিজও সিরিয়ায় প্রবেশ করেছেন।
লিন্ডহোম বিলিং সতর্ক করেছেন যে, যতদিন এই সংঘাত চলবে, হাজার হাজার সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হবে এবং পুরো অঞ্চল আরও অস্থিতিশীল হয়ে উঠবে।
