ভুটানকে পানগাঁও বন্দর ব্যবহারের প্রস্তাব বাংলাদেশের

ভুটানকে পানগাঁও বন্দর ব্যবহারের প্রস্তাব বাংলাদেশের

নারায়ণগঞ্জ বন্দরের ওপর চাপ কমাতে এবং দুই দেশের বাণিজ্যিক যোগাযোগ সহজতর করতে ভুটানকে পানগাঁও বন্দর ব্যবহারের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও ভুটানের দশম বাণিজ্য সচিব পর্যায়ের দুই দিনব্যাপী বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়। ৯ ও ১০ মার্চ অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, অন্যদিকে ভুটান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব তাশি ওয়াংমো।

বৈঠকে বাংলাদেশ জানায়, ভুটানের পণ্য পরিবহন এবং নারায়ণগঞ্জ বন্দরের ওপর চাপ কমানোর লক্ষ্যে পানগাঁও বন্দর একটি কার্যকর বিকল্প হতে পারে। ভুটানের পক্ষ থেকে জানানো হয়, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করবেন।

দ্বিপক্ষীয় সম্পর্ককে সুদৃঢ় করতে উভয় পক্ষ পর্যটন সহযোগিতার বিষয়ে একটি নতুন সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে সম্মত হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং ভুটান স্ট্যান্ডার্ডস ব্যুরো (বিএসবি) এর মধ্যে মান ও প্রশংসাপত্রের জন্য একটি পারস্পরিক স্বীকৃতি চুক্তি সম্পাদনের বিষয়েও আলোচনা হয়।

এছাড়াও, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ভুটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিআই) মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য উদ্যোগ জোরদার করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে আন্তর্জাতিক ব্যাংকিং সাব-কমিটি গ্রুপ পুনর্গঠন এবং ভুটানের রপ্তানিকারকদের পেমেন্ট সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় অতিরিক্ত ব্যবস্থা গ্রহণের বিষয়ে একমত পোষণ করা হয়। দুই দেশের মধ্যে মসৃণ বাণিজ্য লেনদেনের জন্য নিয়মিত জয়েন্ট গ্রুপ অব কাস্টমস এবং জয়েন্ট ট্রেড বা টেকনিক্যাল কমিটির বৈঠক করার বিষয়েও আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ ভুটানের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য হিসেবে ৮৫ মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য করবে।

আরও পড়ুন