ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বোমাবর্ষণ অভিযান ‘যতদিন প্রয়োজন ততদিন চলবে’। তিনি উল্লেখ করেন, এই হামলায় ইরানের বিভিন্ন বাহিনীগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আজ বুধবার (১১ মার্চ) কাটজ বলেন, ‘এই অভিযান কোনো সময়সীমা ছাড়াই চলতে থাকবে এবং লক্ষ্য অর্জন ও অভিযানের ফলাফল নির্ধারিত না হওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে।’
তিনি দাবি করেন, ইরানের হাসপাতালের মর্গগুলো মরদেহে পূর্ণ হয়ে গেছে, তবে এই হতাহতরা কোনো বেসামরিক নাগরিক নয়। কাটজ আরও জানান, তেহরানসহ পুরো দেশজুড়ে ‘দিনের পর দিন, একের পর এক লক্ষ্যবস্তুতে’ হামলা অব্যাহত থাকবে।
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করে, যার ফলে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন এবং মধ্যপ্রাচ্যে একটি ভয়াবহ যুদ্ধ শুরু হয়।
ইরানি কর্তৃপক্ষ ব্যাপক গণবিক্ষোভ নিষ্ঠুরভাবে দমন করার কয়েক সপ্তাহ পর এই হামলাগুলো চালানো হয়। যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে যে, তারা সরাসরি ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটানোর চেষ্টা করছে না।
কিন্তু কাটজ বলেন, ‘ইরানের জনগণ যাতে জেগে উঠতে পারে, পদক্ষেপ নিতে পারে এবং এই শাসনব্যবস্থাকে সরিয়ে দিতে পারে, সেজন্যই হামলা অব্যাহত থাকবে।’ তিনি আরও যোগ করেন, ‘শেষ পর্যন্ত বিষয়টি তাদের (ইরানি জনগণের) ওপরই নির্ভর করছে।’
