মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর বক্তব্য

মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর বক্তব্য

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি সরকারের জন্য চ্যালেঞ্জ হলেও এতে খুব বেশি সমস্যায় পড়তে হবে না বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

তিনি জানান, “মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে নতুন সরকার গঠনের পরই আমরা একটি চ্যালেঞ্জের মুখে পড়েছি। স্বাভাবিকভাবেই এই যুদ্ধ ইরান-ইসরায়েলের মধ্যে হলেও বাংলাদেশের অর্থনীতি, জ্বালানি ও বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাব রয়েছে।”

প্রতিমন্ত্রী জানান, সরকারের পূর্ব-প্রস্তুতি রয়েছে এবং এই পরিস্থিতিতে “আমাদের খুব বেশি সমস্যা হবে না”। তিনি আজ বুধবার নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নুর বলেন, “ইউরোপ, জার্মানি, জাপান, কোরিয়ায় কীভাবে শ্রমবাজারে প্রবেশ করতে পারি এবং দেশের মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করতে পারি, তা নিয়ে কাজ করছি।”

যুদ্ধ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যতটুকু বুঝতে পারছি—হয়তো যুদ্ধ দীর্ঘায়িত হবে না, হয়তো সমাপ্তির পথে যেতে পারে। এতে আমাদের কোনো হাত নেই।”

তিনি আরো বলেন, “কোনো কারণে পরিস্থিতির অবনতি হলে এবং আমাদের শ্রমিকরা দেশে ফিরলে তাদের কর্মসংস্থান কিংবা ক্ষতিপূরণ নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।”

প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মপরিকল্পনার প্রশংসা করে বলেন, “আশা করি, সরকারি ও বিরোধী দল এবং নাগরিক সমাজ সরকারকে সহযোগিতা করলে তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশকে আমরা একটি ট্র্যাকে তুলতে পারবো।”

তিনি নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর দূষণ ও দখল বন্ধ করে নাব্যতা ফিরিয়ে আনতে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক-সামাজিক নেতাদের সোচ্চার হওয়ার আহ্বান জানান।

এ সময় গণঅধিকার পরিষদের জেলা সভাপতি নাহিদ হোসেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন