যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া!

যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া!

উত্তর কোরিয়া বুধবার (১১ মার্চ) জানিয়েছে, তাদের পশ্চিম উপকূলে একটি অত্যাধুনিক ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। এই পরীক্ষার তদারকি করেছেন দেশের সর্বোচ্চ নেতা কিম জং উন।

মঙ্গলবার (১০ মার্চ) অনুষ্ঠিত এই মহড়াটির মূল উদ্দেশ্য ছিল যুদ্ধকালীন পরিস্থিতিতে কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা যাচাই এবং নৌবাহিনীর সদস্যদের দ্রুত মোতায়েনের সক্ষমতা পরীক্ষা। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা প্রদর্শনের লক্ষ্যেই এই পরীক্ষা পরিচালিত হয়েছে।

নামফো উপকূলে ‘৫১ নম্বর চো হিয়ন’ ডেস্ট্রয়ার থেকে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়, যা প্রায় ১৬৯ মিনিট (১০ হাজার ১৩৮ সেকেন্ড) উড়ে নির্দিষ্ট দ্বীপ লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এই সময়ের রেকর্ডটি ২০২২ ও ২০২৩ সালে পরীক্ষিত ‘হাওয়াসাল’ কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ উড্ডয়ন সময়ের প্রায় সমান।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, যুদ্ধজাহাজের পেছনে অবস্থিত ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম থেকে দ্রুত গতিতে ছয়টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হচ্ছে। এর আগে ৪ মার্চ একই জাহাজ থেকে আরও পাঁচটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল।

কিম জং উন একটি অপ্রকাশিত দূরবর্তী অভ্যন্তরীণ স্থান থেকে ভিডিও লিংকের মাধ্যমে এবং টেলিফোনে নাবিকদের সাথে যোগাযোগ করে পুরো কার্যক্রমটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় তার কনিষ্ঠ কন্যাকেও উপস্থিত থাকতে দেখা যায়, যদিও গণমাধ্যমে তার নাম উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন