ইরাকের কুর্দিস্তানের এরবিলে অবস্থিত ইউরোপের দেশ ইতালির একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের এই হামলায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ইতালির প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রাথমিকভাবে সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেলেও পরবর্তীতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামলাটি ড্রোনের মাধ্যমে পরিচালিত হয়েছে। হামলার পর ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক পোস্টে জানায়, ঘাঁটিতে নিয়োজিত ইতালীয় কর্মীদের মধ্যে হতাহতের কোনও ঘটনা ঘটেনি এবং তারা সবাই নিরাপদ রয়েছেন।
মন্ত্রণালয়ের সূত্র মতে, ড্রোনটি সম্ভবত দুর্ঘটনাবশত ঘাঁটিতে আঘাত হেনেছে, যা ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করে ছোঁড়া হয়নি। ঘাঁটির কমান্ডার কর্নেল স্তেফানো পিজোত্তি জানিয়েছেন, হামলার কয়েক ঘণ্টা আগে সামরিক কর্মীদের আকাশপথের ঝুঁকির বিষয়ে সতর্ক করা হয়েছিল এবং তারা বাঙ্কারে আশ্রয় নেন।
যদিও হামলার উৎস এখনও জানা যায়নি, কর্নেল পিজোত্তি বলেন, আকাশপথে হামলার সতর্কতা শেষ হলেও বিশেষজ্ঞরা এখনও ওই এলাকা পরীক্ষা-নিরীক্ষা এবং নিরাপদ করার কাজ চালিয়ে যাচ্ছেন। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, ইতালির প্রায় ৩০০ সৈন্য কুর্দি নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এরবিলে অবস্থান করছেন। তিনি উল্লেখ করেন, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের কারণে সাম্প্রতিক সময়ে সৈন্য সংখ্যা কমিয়ে আনা হয়েছে।
