আজ (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলম্বোতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে। শুরুতে পাকিস্তান বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে ভারতের বিরুদ্ধে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ এনে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল। আইসিসি, পিসিবি ও বিসিবির ত্রিপক্ষীয় বৈঠকের পর পাকিস্তান ম্যাচ খেলতে রাজি হয়।
টি-টোয়েন্টি ফরম্যাটে ভারত ও পাকিস্তান ১৬ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে ১৩ ম্যাচ জিতেছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে আটটি ম্যাচের সাতটিতে জয় পেয়েছে ভারত। ম্যাচটি প্রেমাদাসা স্টেডিয়ামে হবে, যেখানে জিম্বাবুয়ে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়েছে। এই পিচ বোলারদের সুবিধা দেয়, বিশেষ করে যারা বলের গতি পরিবর্তন করতে পারে।
ভারতের বোলিং আক্রমণে বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব পাকিস্তানকে ভোগাতে পারে। পাকিস্তানের বোলিংয়ে শাদাব খান, আবরার আহমেদ, মোহাম্মদ নওয়াজ ও উসমান তারিক নজরে থাকবে। পেসার শাহিন শাহ আফ্রিদির অভিজ্ঞতা কাজে লাগাতে পারে পাকিস্তান।
ভারতের ব্যাটিং অর্ডারে শক্তিশালী লাইন-আপ রয়েছে। অভিষেক শর্মা নিজেকে ফিট ঘোষণা দিয়েছেন, যা ভারতকে আত্মবিশ্বাস জোগাবে। পাকিস্তানের টপ অর্ডার সর্বশেষ দুই ম্যাচে ভালো খেলেছে, বিশেষ করে সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব। তবে সালমান আগা ও বাবর আজমের ফর্ম পাকিস্তানকে চিন্তায় রাখবে। আবহাওয়া অফিস বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে, যা দর্শকদের মধ্যে শঙ্কা সৃষ্টি করেছে।
