গুম হওয়া সাবেক সেনা কর্মকর্তার জবানবন্দিতে নির্যাতনের অভিযোগ

গুম হওয়া সাবেক সেনা কর্মকর্তার জবানবন্দিতে নির্যাতনের অভিযোগ

গুম হওয়া সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন। রোববার ট্রাইব্যুনাল-১ এ তার জবানবন্দি রেকর্ড করা হয়। তিনি জানান, জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে তাকে নির্যাতন করা হয়েছে।

হাসিনুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে এক কর্মকর্তা তাকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাকে আটক করা হয়েছে। কর্মকর্তা তাকে হুমকি দিয়ে বলেন, কথা না শুনলে গায়েব করে দেওয়া হবে।

তিনি আরও বলেন, নির্যাতনের কারণে তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন এবং কয়েকদিন অস্বাভাবিক আচরণ করেন। অনশন শুরু করলে সপ্তম দিনে তার অবস্থার অবনতি হয়।

হাসিনুর রহমানের বর্ণনা অনুযায়ী, অনশনের পর তাকে আবার কর্মকর্তার সামনে নিয়ে আসা হয়। কর্মকর্তা বলেন, তার ব্যক্তিগত কোনো অভিযোগ নেই, কিন্তু নির্বাচনের আগে তাকে ছাড়া হবে না। কর্মকর্তা উল্লেখ করেন, ফেসবুকে হাসিনুরের অনেক ফলোয়ার এবং অনেক অফিসার তার অনুগত, তাই তিনি সরকারের জন্য ঝুঁকিপূর্ণ।

হাসিনুর রহমান বলেন, মানসিক চাপ ও শারীরিক নির্যাতনের কারণে তার হার্ট অ্যাটাক হয়। চিকিৎসার সময়ও তার চোখ বাঁধা ও হাতে হাতকড়া লাগানো থাকতো। তিনি আয়নাঘর নামে পরিচিত জেআইসিতে আটক ছিলেন বলে জানান।

প্রসিকিউশনের পক্ষে শুনানিতে প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সাইমুম রেজা তালুকদার ও মঈনুল করিম উপস্থিত ছিলেন। আসামিপক্ষের আইনজীবীরাও উপস্থিত ছিলেন। জবানবন্দি অসমাপ্ত থাকায় ট্রাইব্যুনাল আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন।

আরও পড়ুন