নাহিদ ইসলাম: কারচুপির রাজনীতি নতুন বাংলাদেশের সাথে যায় না

নাহিদ ইসলাম: কারচুপির রাজনীতি নতুন বাংলাদেশের সাথে যায় না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কারচুপি, ভয়ভীতি ও ফলাফল বদলের রাজনীতি জুলাই-পরবর্তী নতুন বাংলাদেশের সাথে যায় না। সোমবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা জানান।

নাহিদ ইসলামের পোস্টে উল্লেখ করা হয়েছে, বাড্ডা আদর্শনগর বিদ্যা নিকেতন কেন্দ্রে ৩৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি বরকতের কেন্দ্রে প্রবেশের ঘটনা প্রশ্নের জন্ম দিয়েছে। ভোটের দিন বিভিন্ন সংবাদমাধ্যমের লাইভে দেখা গেছে, অন্যান্য দলের পোলিং এজেন্টদের আসনে বসা কিছু ব্যক্তি বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের নাম উচ্চারণ করছেন।

তিনি বলেন, হিসাব অনুযায়ী তিনি শুরু থেকেই উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে ছিলেন, কিন্তু ফলাফলের কাগজে সেই ব্যবধান হঠাৎ করেই অনেকটা কমে যায়। ফলে জনমনে প্রশ্ন ও সংশয়ের সৃষ্টি হয়েছে। ভোর পাঁচটা পর্যন্ত ভোটকেন্দ্রে ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা চলেছে বলে অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নাহিদ ইসলাম জানান, বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের ক্যাডার বাহিনী বিভিন্ন কেন্দ্রে ভয়-ভীতি সৃষ্টির চেষ্টা করেছে। বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে চূড়ান্ত ফলাফল ঘোষণার সময়ও উত্তেজনা ও বিশৃঙ্খলা তৈরি করা হয়।

তিনি আরও বলেন, এই চাক্ষুষ অনিয়ম এবং কারচুপি করেও তাকে দমানো যায়নি। জনগণের রায়কে যারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে, তাদের জবাব জনগণই দেবে বলে পোস্টে জানান নাহিদ ইসলাম।

আরও পড়ুন