ভারতের একটি ভুল মানচিত্র ইস্যুতে বিতর্কের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় তার পেছনে থাকা মানচিত্রে ভারতের সীমানা সঠিকভাবে দেখানো হয়নি বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে জম্মু-কাশ্মীরের বিতর্কিত অংশটি ভারতের সরকারি মানচিত্রের সঙ্গে সাংঘর্ষিকভাবে উপস্থাপিত হয়েছে বলে দাবি করা হচ্ছে।
এই দৃশ্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয়াঙ্কাকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, একজন ভারতীয় হয়েও তিনি কীভাবে এমন ভুল মানচিত্রের সামনে বসে সাক্ষাৎকার দিলেন। নেটিজেনদের একটি অংশ তাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যা দিয়েছেন।
সমালোচনার পাশাপাশি কেউ কেউ প্রিয়াঙ্কার পক্ষেও কথা বলেছেন। তাদের মতে, প্রিয়াঙ্কা সেখানে সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন, মানচিত্র সংশোধন করা তার কাজ নয়। বিষয়টি হয়তো তার অলক্ষ্যেই থেকে গেছে বলে তারা মত দিয়েছেন।
