সাবেক এমপি সহ ৬ জনের মৃত্যুদণ্ডের রায় প্রকাশ

সাবেক এমপি সহ ৬ জনের মৃত্যুদণ্ডের রায় প্রকাশ

আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছয়জনকে হত্যার পর ভ্যানে করে লাশ পুড়িয়ে দেওয়ার মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ছয় আসামির মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। ৫৯১ পৃষ্ঠার এই রায়ে আদালত অপরাধের ভয়াবহতা এবং আসামিদের সংশ্লিষ্টতার বিশদ বিবরণ তুলে ধরেছে।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ স্বাক্ষরের পর রোববার (১৫ মার্চ) এ রায় প্রকাশ করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামি হলেন সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, আশুলিয়া থানার সাবেক ওসি এ এফ এম সায়েদ, সাবেক এসআই আবদুল মালেক, সাবেক সহকারী এএসআই বিশ্বজিৎ সাহা, সাবেক কনস্টেবল মুকুল চোকদার এবং যুবলীগ ক্যাডার রনি ভূঁইয়া।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাত আসামির মধ্যে রয়েছেন ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক এসপি মো. আসাদুজ্জামান রিপন, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, সাবেক পরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমান, সাবেক পরিদর্শক নির্মল কুমার দাস এবং সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।

আশুলিয়া থানার সাবেক এসআই আরাফাত উদ্দীন ও কামরুল হাসানকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আশুলিয়া থানার সাবেক এসআই শেখ আবজালুল হককে ক্ষমা করা হয়েছে, যিনি এই মামলায় অ্যাপ্রুভার হিসেবে পরিচিতি পেয়েছিলেন।

তবে আদালত জানিয়েছে, অভিযুক্ত কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে লাশ পোড়ানোর ঘটনায় সরাসরি অংশ নেওয়ার পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেনি প্রসিকিউশন। রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল উল্লেখ করে, আসামিদের বিরুদ্ধে অভিযোগগুলো গুরুতর হলেও তাদের দায় যথাযথভাবে প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় সাজা কমেছে অনেকের।

এ মামলার আসামি মোট ১৬ জন, যাদের মধ্যে আটজন গ্রেফতার হয়ে কারাগারে আছেন। পলাতক আট আসামির মধ্যে রয়েছেন সাইফুল ইসলাম, সৈয়দ নুরুল ইসলাম, আসাদুজ্জামান রিপন, এ এফ এম সায়েদ, মাসুদুর রহমান, নির্মল কুমার দাস, বিশ্বজিৎ সাহা এবং রনি ভূঁইয়া।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন আশুলিয়া থানার এলাকায় ছয়জনকে গুলি করে তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়। নিহতদের মধ্যে সাজ্জাদ হোসেন, আস–সাবুর, তানজিল মাহমুদ, বায়েজিদ বোস্তামী ও আবুল হোসেন অন্তর্ভুক্ত ছিলেন।

আরও পড়ুন