চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৫ কোটি টাকার অধিক ব্যয়ে পুনঃখনন করা হচ্ছে ‘নবাব খাল’। সোমবার বিকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ খনন কাজের উদ্বোধন করেছেন।
বিকাল পৌনে ৪ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রুহুলবাঁধে এই উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল, জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, যার উদ্দেশ্য ছিল বৃষ্টি ও নদীর পানি খালের মাধ্যমে এনে সেচ কাজে ব্যবহার করা এবং খাদ্য উৎপাদন বাড়ানো। তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খননের উদ্যোগের কথাও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে এবং শিগগিরই কৃষকদের ফার্মার কার্ড দেয়া হবে। এছাড়া খাল খনন ও ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতদের সম্মানী দেয়ার প্রতিশ্রুতি পূরণ করা হচ্ছে।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নবাব খালের পুনঃখননে ব্যয় হবে ৫ কোটি ৫৩ লাখ ৪৪ হাজার টাকা, যা নয়াগোলা থেকে প্রায় ৫ কিলোমিটার দৈর্ঘ্যে হবে।
