সঠিক সংরক্ষণ করতে না পারায় ২৫-৩০ শতাংশ পেঁয়াজ নষ্ট হয়ে যায়

সঠিক সংরক্ষণ করতে না পারায় ২৫-৩০ শতাংশ পেঁয়াজ নষ্ট হয়ে যায়

রাজবাড়ী জেলাসহ পেঁয়াজ ও রসুন উৎপাদনশীল এলাকায় ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনটি পরিচালনা করেন।

মন্ত্রী বলেন, পেঁয়াজ সংরক্ষণের লক্ষ্যে পাংসা উপজেলায় ৫০৫টি, কালুখালি উপজেলায় ২৬০টি এবং বালিয়াকান্দি উপজেলায় ৪৯৫টি এয়ার-ফ্লো মেশিন স্থাপন করা হয়েছে। কৃষি বিপনন অধিদপ্তর এয়ার-ফ্লো পদ্ধতিতে পেঁয়াজ ও রসুন সংরক্ষণের জন্য একটি প্রকল্প প্রণয়ন করেছে, যা বর্তমানে কৃষি মন্ত্রণালয়ে পর্যালোচনার জন্য রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে উৎপাদিত পেঁয়াজের ২৫ থেকে ৩০ শতাংশ সঠিক সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে। মন্ত্রী জানান, রাজবাড়ী-২ এলাকায় ৮০০ থেকে এক হাজার এয়ার-ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা করা হয়েছে।

কৃষিমন্ত্রী বলেন, এই প্রকল্পের মাধ্যমে পেঁয়াজের অপচয় কমানো সম্ভব হবে এবং কৃষকরা লাভবান হবেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে বাংলাদেশ পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে।

আরও পড়ুন