ট্রাম্প-মেলানিয়ার বাগবিতণ্ডার ভিডিও ঘিরে তোলপাড়

ট্রাম্প-মেলানিয়ার বাগবিতণ্ডার ভিডিও ঘিরে তোলপাড়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, ফ্রিডম ২৫০ গ্র্যান্ড প্রিকস অনুষ্ঠানের ভিআইপি বক্সে পাশাপাশি বসে ছিলেন এই দম্পতি। মেলানিয়ার দিকে ঝুঁকে ট্রাম্প কিছু বলছিলেন, কিন্তু মেলানিয়া ছিলেন গম্ভীর ও কিছুটা আনমনা। কিছুক্ষণের মধ্যেই তিনি আসন ছেড়ে চলে যান।

ভিডিওটিতে স্পষ্ট অডিও না থাকায় অনেকে ঠোঁটের নড়াচড়া দেখে কথোপকথন বোঝার চেষ্টা করছেন। এক্সে এক ব্যবহারকারী লিখেছেন, ‘এখানে কোনো লিপ-রিডার আছেন, যিনি বলতে পারবেন ট্রাম্প ও মেলানিয়ার মধ্যে ঠিক কী কথা হচ্ছিল?’

অনেকে তাদের শারীরিক ভাবভঙ্গি দেখে দাম্পত্য সম্পর্কের টানাপোড়েনের কথা মন্তব্য করেছেন। তবে কয়েক সেকেন্ডের ভিডিও দেখে নিশ্চিত হওয়া যায়নি, তাদের মধ্যে কোনো বাগবিতণ্ডা হচ্ছিল কি না।

অনলাইনের এই জল্পনা ট্রাম্পের সহকারী ন্যাটালি হার্পকে ঘিরে চলা সাম্প্রতিক গুঞ্জনের সঙ্গে জড়িয়ে পড়েছে। ট্রাম্পের ঘনিষ্ঠ সার্কেলে কাজ করা ন্যাটালি সম্প্রতি খবরের শিরোনামে আছেন। ট্রাম্প ও মেলানিয়ার দূরত্বের পেছনে অনেকেই ন্যাটালির নাম জড়াচ্ছেন, তবে এসব দাবির সপক্ষে কোনো জোরালো প্রমাণ পাওয়া যায়নি। এর আগে ট্রাম্পকে লেখা ন্যাটালির একটি ব্যক্তিগত চিঠি ও ঘনিষ্ঠ মেলামেশা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

এক ব্যবহারকারী লিখেছেন, ‘মনে হচ্ছে ফ্রিডম ২৫০ ইভেন্টে কোনো বিষয় নিয়ে ট্রাম্প ও মেলানিয়া তর্ক করছিলেন। আমার ধারণা, বিষয়টির পেছনে ন্যাটালি হার্প আছেন।’ আরেকজন লিখেছেন, ‘বক্সে ন্যাটালি হার্পকে দেখা যাওয়ার পরপরই মেলানিয়া সেখান থেকে উঠে চলে যান।’

বেশ কিছুদিন ধরে স্বামীর সঙ্গে জনসমক্ষে মেলানিয়াকে খুব কমই দেখা যাচ্ছে। মেলানিয়াকে কম দেখা যাওয়া নিয়ে আলোচনার মধ্যেই গ্র্যান্ড প্রিকসের এই ভিডিও সামনে এলো।

আরও পড়ুন