আইপিএলের বর্তমান আসর চলাকালেই বিক্রি হয়ে গেল রাজস্থান রয়্যালসের মালিকানা। আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন দলটির মালিকানা কিনে নিলেন ভারতীয় শিল্পপতি লক্ষ্মী মিত্তল। আজ রোববার দল কেনার চুক্তির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন মিত্তল।
রাজস্থানের মালিকানা মিত্তল পরিবার এককভাবে নেয়নি। একটি কনসোর্টিয়াম তৈরি করে আইপিএলের দলটির মালিকানা নিয়েছে ভারতীয় এই শিল্পগোষ্ঠী। সিংহভাগ অংশীদারিত্ব অবশ্য নিজেদের হাতে রেখেছে তারা। রাজস্থানের নতুন অংশীদারদের মধ্যে রয়েছেন সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার কর্ণধার আদার পুনাওয়ালা এবং সাবেক মালিক গোষ্ঠীর বৃহত্তম অংশীদার মনোজ বাদালে।
১.৬৫ বিলিয়ন ডলার বা প্রায় ১৫,৬৬০ কোটি রুপিতে রাজস্থানের মালিকানা হস্তান্তর হয়েছে। রাজস্থান কেনার দৌড়ে ছিল যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়ামও। ওই কনসোর্টিয়ামে ছিলেন ওয়ালমার্টের কর্ণধার রব ওয়ালটন এবং ফোর্ড গোষ্ঠীর কর্ণধার হ্যাম্প পরিবার।
রাজস্থানের নতুন মালিক গোষ্ঠীর মধ্যে সবচেয়ে বেশি প্রায় ৭৫ শতাংশ অংশীদারিত্ব থাকছে মিত্তলের। পুনাওয়ালার অংশীদারিত্বের পরিমাণ ১৮ শতাংশ। বাকি ৭ শতাংশ অংশীদারিত্ব বাদালেসহ কয়েক জনের। এত দিন পর্যন্ত বাদালের হাতেই দলের সবচেয়ে বেশি অংশীদারিত্ব ছিল।
রাজস্থানের নতুন মালিক গোষ্ঠী বিবৃতিতে বলেছে, ‘মনোজ বাদালে রাজস্থান রয়্যালসের সঙ্গেই থাকছেন। দলের প্রতি তার সমর্থন অব্যাহত থাকবে। সাবেক মালিক গোষ্ঠী এবং বর্তমান মালিক গোষ্ঠীর মধ্যে বন্ধন ঘটানোর কাজ করবেন তিনি। আইপিএল নিয়ে তার গভীর জ্ঞান এবং অভিজ্ঞতা দলকে উপকৃত করবে।’
