ইংল্যান্ডের চুরি হওয়া অনুশীলন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কানসাস সিটিতে পৌঁছানোর আগে ইংল্যান্ড দলের চুরি হওয়া অনুশীলনের বেশিরভাগ সরঞ্জাম উদ্ধার হয়। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, সোয়োপ সকার ভিলেজে ইংলিশদের বেস ক্যাম্পে সরঞ্জাম স্থানান্তরের সময় গাড়িগুলো ভেঙে কিছু জিনিসপত্র চুরি হয়েছিল, সেগুলো ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিভিন্ন সূত্র।
ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) সঙ্গে যোগাযোগ রাখা পুলিশ কর্মকর্তারা শুক্রবার রাতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি নিয়ে কাজ করেন। এই ঘটনার তদন্ত চলমান রয়েছে।
চুরি হওয়া সরঞ্জাম উদ্ধারের আগে কানসাস পুলিশের একজন মুখপাত্র বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় কানসাস সিটিতে পৌঁছানো একটি দলের গাড়ি থেকে জিনিসপত্র নিখোঁজ হওয়ার পর চুরির সম্ভাব্য একটি ঘটনা আমরা তদন্ত করে দেখছি।’
এই চুরির ঘটনা ঘটেছিল যখন টমাস টুখেলের দল ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিচ্ছিল। ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার ফিল জাগিয়েলকা বিবিসিকে জানান, ‘মৌসুম জুড়ে আমাদের কাছে প্রচুর বুট থাকে, তবে টুর্নামেন্টের জন্য অনেকেই তাদের বুটগুলো নিজেদের পছন্দমতো বানিয়ে নেন।’
আগামীকাল রোববার প্রথমবারের মতো পুরো দিনের অনুশীলনে নামবেন ইংল্যান্ডের খেলোয়াড়রা। ‘এল’ গ্রুপে তাদের সঙ্গে ক্রোয়েশিয়ার পাশাপাশি আছে ঘানা ও পানামা।
