এএফসি অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশের অংশগ্রহণ শেষ হয়েছে। আজ থাইল্যান্ডে এ গ্রুপের শেষ ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে ০-১ গোলে পরাজয়ের ফলে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে।
ম্যাচের দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিট পর ভিয়েতনাম একটি ফ্রি কিক পায়। বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার বল গ্রিপে নিতে ব্যর্থ হলে, ভিয়েতনামের ফরোয়ার্ড সহজে হেডে গোল করেন। বাংলাদেশ পরবর্তী ৪০ মিনিট গোল পরিশোধের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।
ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশের সাগরিকা একটি সুযোগ পেয়েও গোল করতে পারেননি। বাংলাদেশের পক্ষে এটিই ছিল সবচেয়ে স্পষ্ট গোলের সুযোগ। ভিয়েতনাম বল পজিশনে এগিয়ে থাকলেও আর গোল করতে পারেনি, ফলে ০-১ স্কোরলাইনেই খেলা শেষ হয়।
এটি বাংলাদেশের জন্য অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে প্রথম অংশগ্রহণ ছিল। আগের ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে জয় ও চীনের বিপক্ষে পরাজয়ের পর ভিয়েতনামের বিপক্ষে অন্তত ড্র প্রত্যাশা করা হচ্ছিল, যা মিলির ভুলে আর সম্ভব হয়নি।
