ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) আগামী ৪ মে থেকে শুরু হবে, যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটে। টুর্নামেন্টটি ১২টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১৭ এপ্রিল) বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দেখতে এসে বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু গণমাধ্যমকে এসব তথ্য জানান।
তিনি জানান, ১৮ ও ১৯ এপ্রিল ডিপিএলের জন্য দলবদল অনুষ্ঠিত হবে, এরপর ক্লাবগুলো লিগের প্রস্তুতি নিতে শুরু করবে। বিসিবি মাঠের মান উন্নয়ন এবং আন্তর্জাতিক সুবিধা নিশ্চিত করতে কাজ করবে।
রফিকুল ইসলাম বাবু বলেন, “আমরা নিশ্চিত করেছি যে আম্পায়ারিং থেকে শুরু করে মাঠের কন্ডিশন পর্যন্ত আন্তর্জাতিক মানের হবে।” তিনি বলেন, ক্রিকেটারদের কষ্ট কমাতে লাঞ্চের ব্যবস্থা করা হবে এবং প্রতিটি ম্যাচে রিজার্ভ ডে রাখা হয়েছে।
মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স মাঠে রাখার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। আম্পায়ারিং নিয়ে বিতর্ক দূর করার জন্য তিনি বলেন, আম্পায়ারদের নিরপেক্ষভাবে কাজ করতে হবে।
উইকেটের মান নিয়ে আশাবাদ ব্যক্ত করে বাবু বলেন, “আমরা খেলোয়াড়দের জন্য স্পোর্টিং উইকেট নিশ্চিত করতে কাজ করছি।”
