তামিমের ডাকেই বিসিবিতে ফিরলেন খালেদ মাহমুদ সুজন

তামিমের ডাকেই বিসিবিতে ফিরলেন খালেদ মাহমুদ সুজন

২০২৪ সালে ৫ আগস্ট সরকারের পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত ছিলেন খালেদ মাহমুদ সুজন। কিছুদিন পর তিনি নিজ থেকে পদত্যাগ করেন এবং ২১ মাস ধরে বিসিবিতে যাননি। নতুন এডহক কমিটির সভাপতি তামিম ইকবালের ডাকে গত বৃহস্পতিবার বিসিবিতে হাজির হন সুজন।

তামিমের সঙ্গে কী কথা হয়েছে সে সম্পর্কে সাবেক অধিনায়ক জানান, ‘কোনো মিটিংয়ে যাইনি। আসলে তামিম ফোন করে বলেছিল আপনি বোর্ডে আসেন। আমি জিজ্ঞেস করলাম কেন সিসিডিএমের মিটিংয়ে নাকি? ও বলল মিটিং না, আপনি আমার সঙ্গে দেখা করতে আসেন। আপনার সাথে আমার অনেক কথা আছে।’

সুজন তামিমের ডাক ফেরাতে পারেননি। তিনি বলেন, ‘এমনিতেও ওর সাথে যোগাযোগ ছিলই। কিন্তু এই প্রথম বোর্ড ছাড়ার পর কোনো সভাপতি ফোন করে যখন ডাকছে, তখন তো আমি না করতে পারি না। এজন্যই যাওয়া। প্রায় ২১ মাস পর মনে হয় বোর্ডে গেলাম। মূলত, তামিমের সঙ্গে দেখা করতে গেছি।’

ক্রিকেট নিয়েই তাদের আলোচনা হয়েছে জানিয়ে সুজন বলেন, ‘ক্রিকেট নিয়েই কথা হচ্ছিল। দিন শেষে যখন আমরা ক্রিকেটাররা বসি, তখন ক্রিকেট নিয়েই কথা হয়। ওইখানে আরও অনেক ক্রিকেটার ছিল। শাহরিয়ার নাফিস, মিঠুন, রাজ, মুকুল, রাহুল, নান্নু ভাই ছিল, আরও অনেকে ছিল।’

তামিমের সভাপতিত্ব নিয়ে সুজন ইতিবাচক মন্তব্য করেন। তিনি বলেন, ‘যেহেতু তামিম অনেক বেশি রোমাঞ্চিত, অবশ্যই ও ভালো কিছু করতে চায়। আমি বিশ্বাস করি আমরা একজন ভালো সভাপতি পাব। সত্যি কথা যে কাজগুলো আমরা এতদিন মুখে মুখে বলেছি কিন্তু করি নাই। তামিম সেগুলো করে দেখাবে বলে আমি বিশ্বাস করি। আমি তামিমকে ছোটবেলা থেকে দেখে আসছি। ও ক্রিকেট নিয়ে যতটা সিরিয়াস ছিল, অনুশীলন নিয়ে যতটা সিরিয়াস ছিল আমার মনে হয় ওই স্পিরিটটা এখানেও (বিসিবি সভাপতি হিসেবে) বজায় রাখছে। ও খুবই সিরিয়াস।

আরও পড়ুন