পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে ঝোড়ো ইনিংস খেলে নিজের ছন্দময় খেলার রহস্য ব্যাখ্যা করেছেন বাংলাদেশি ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন। গতকাল শুক্রবার লাহোরের তৃতীয় ম্যাচে ইমন ১৯ বলে ৪৫ রান করেন, যাতে ছিল ২টি চার ও ৫টি ছক্কা।
ইমন পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ নাঈমের সঙ্গে মাত্র ৫.১ ওভারে ৮৬ রানের জুটি গড়েন। ম্যাচের বিরতিতে ইমন জানান, নির্ভার থেকে খেলার কারণে তিনি ও নাঈম সাফল্য পেয়েছেন। তিনি বলেন, ‘আমরা শুধু বল দেখে হিট করার চেষ্টা করেছি। ওপেনিংয়ে কোনো চাপ অনুভব করিনি। ফ্রি মাইন্ডে খেলেছি। আমরা আমাদের স্বাভাবিক ক্রিকেট খেলেছি। ইনশা-আল্লাহ জিততে পারব।’
ইমন-নাঈমের জুটির পর আব্দুল্লাহ শফিক ও সিকান্দার রাজার ইনিংসে লাহোর ১৮৫ রানের সংগ্রহ করে। প্রতিপক্ষ মুলতান সুলতান্স ১৬৫ রানে থেমে যায়, ফলে লাহোর ২০ রানে জয়ী হয়। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান লাহোরের হয়ে ৩ ওভারে ৩৭ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেন। এটি লাহোরের ৩ ম্যাচে দ্বিতীয় জয়।
